নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মামুদপুর, রঘুনাথপুর, নিতাইপুর, আর্দশ নগর ও ভূঁইগড় এলাকায় গ্যাস সরবরাহ না থাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রঘুনাথপুর সোনালী মার্কেটের সামনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি প্রতিবাদ লিপিতে গণ স্বাক্ষর করেন তারা।
ভুক্তভোগীরা বলেন, গ্যাস লাইনে ত্রুটি রয়েছে। কিন্তু তিতাস গ্যাস কতৃপক্ষ সমস্যা সমাধান করছে না। আমরা রান্না করতে গ্যাস পাই না। আগে গ্যাস সিলিন্ডার এর দাম কম ছিল। এখন তাও অনেক বেড়ে গেছে। আগে দুটি চুলার জন্য গ্যাস ছিল ৯৭৫ টাকা এখন তা বেড়ে গিয়ে হয়েছে ১ হাজার ৮০ টাকা। গ্যাস না চালিয়ে আমাদের প্রতি মাসে বিল দিতে হচ্ছে।
স্থানীয় সম্প্রীতি সংগঠনের সভাপতি আজাত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, জিএম আমির হোসেন, এনামুল হক, আব্দুল রহিম প্রধান, আওয়ামি লীগ নেতা শ্রী মাখন চন্দ্র সরকার, আবু তাহেব ও মাওলানা আক্তার উদ্দিন প্রমুখ।
