আইসিডিডিআরের গবেষণা ও উদ্ভাবনে মুগ্ধ কানাডার মন্ত্রী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৩ এএম

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জীবন রক্ষাকারী গবেষণা এবং উদ্ভাবন দেখে মুগ্ধ হয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠানটিতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হারজিৎ এস সজ্জন। তিনি বলেছেন, ‘আমি আইসিডিডিআর,বি-তে যা দেখেছি তাতে খুবই মুগ্ধ। এখানে যে উদ্ভাবনগুলো হচ্ছে তা মানুষের জীবন বাঁচায়। যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হলো, এখানকার বিজ্ঞানী ও কর্মীরা কানাডার বিনিয়োগকে ব্যবহার করে জটিল চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলোর সহজ সমাধান বের করছেন, যা পৃথিবীর সবচেয়ে সুবিধাবঞ্চিত জায়গায়ও ব্যবহার করা যেতে পারে। এ ছাড়াও আমি সমানভাবে মুগ্ধ যে তারা এখানে যে জ্ঞান অর্জন করছে তা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিচ্ছে।’

গতকাল শনিবার রাজধানীর মহাখালীতে আইসিডিডিআর,বি ক্যাম্পাস পরিদর্শন করে এসব কথা বলেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী। এ পরিদর্শনের মাধ্যমে তিনি চার দশকেরও বেশি সময় ধরে আইসিডিডিআর,বি-র জীবন রক্ষাকারী কাজ এবং কানাডার সঙ্গে এর অংশীদারিত্বের বিষয়ে অবগত হন। তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অন্য সদস্যরাও ছিলেন। আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে আইসিডিডিআর,বি-র কাজের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দেন।

কানাডার মন্ত্রী আইসিডিডিআর,বি-র ঢাকা হাসপাতালে কিছু সময় কাটান এবং প্রতিষ্ঠানের স্বল্প খরচের বিভিন্ন উদ্ভাবন, গুরুতর নিউমোনিয়া এবং হাইপোক্সেমিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বাবল সিপিএপি এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় পরিচালিত একটি যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কিত কাউন্সেলিং সেবাÑউদ্দীপ্ত সম্পর্কে জানেন। এ ছাড়াও তিনি তৃতীয় লিঙ্গের মানুষসহ প্রান্তিক এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের ওপর আইসিডিডিআর,বি-র বিভিন্ন কাজ সম্পর্কে অবহিত হন এবং কয়েকজনের সঙ্গে কথা বলেন।

ড. তাহমিদ আহমেদ মন্ত্রী হারজিৎ এস সজ্জনের প্রশংসা করে বলেন, ৪৫ বছরেরও বেশি সময় ধরে কানাডা অব্যাহতভাবে সহায়তা করে আসছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এ সহায়তার ফলেই আমরা গবেষণা করতে সক্ষম হয়েছি, যা শুধু বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং বিশ্বের অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্যও সমান গুরুত্বপূর্ণ।

এ সময় কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলস বলেন, আইসিডিডিআর,বি এখানে যে গুরুত্বপূর্ণ কাজ করছে তা লাখ লাখ জীবন বাঁচাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত