পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, এ দেশে একসময় স্বাধীনতার চেতনা বিলুপ্ত হওয়ার পথে ছিল। মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছিল, বঙ্গবন্ধুর আহ্বানে কীভাবে স্বাধীনতাযুদ্ধে এ দেশের মানুষ একত্র হয়ে ঝাঁপিয়ে পড়েছিল তা অনেক দিন মানুষের কাছে আলোচিত হতো না। শিক্ষাঙ্গনগুলোতে এখন বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষা দেওয়া হয়। আমাদের মুক্তিযোদ্ধারা যে ত্যাগ স্বীকার করেছেন, তাদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা আমাদের কোমলমতি শিশুদের শিক্ষা দেওয়া হয়, যাতে তারাও আমাদের গর্বিত অর্জন স্বাধীনতার জন্য নিজেরা গর্ববোধ করতে পারে।
আইজিপি গতকাল শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন।
শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, তোমরাই হবে প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের নাগরিক। তোমাদের স্মার্ট বাংলাদেশের উপযোগী নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এ জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেউ মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং কিশোর অপরাধের সঙ্গে জড়িত নয়। কারণ এ প্রতিষ্ঠানে নৈতিকতার দিকে বেশি গুরুত্ব দিয়ে শিক্ষা দেওয়া হয়।’
