নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বছর বয়সী শিশু হত্যার ঘটনায় তার মা বিলকিসকে (২০) আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। তবে একই মামলায় বিলকিসের পরকীয়া প্রেমিক সোলাইমানকে (২৮) দেওয়া হয়েছে মৃত্যুদ-। গতকাল রবিবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন। এ ছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদন্ডপ্রাপ্ত সোলাইমান জামালপুর জেলার গড়পাড়া এলাকার লিচু আকন্দের ছেলে। আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত বিলকিস পটুয়াখালীর গলাচিপার নয়া হাওলাদারের মেয়ে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা আহামেদ জানান, বিলকিসের সঙ্গে সোলাইমানের পরকীয়া প্রেম গড়ে ওঠে। এর জের ধরে তারা দুজনের মিলে ভিকটিম মরিয়মকে (১) হত্যা করে লাশ গুম করার জন্য একটি দেওয়ালের বাউন্ডারির ভেতরে রেখে দেয়। পরে পুলিশ ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফতুল্লার পশ্চিম নন্দলালপুরের ওই স্থান থেকে অজ্ঞাত হিসেবে শিশুটির লাশ উদ্ধার করে মামলা ও তদন্ত করে। বিলকিস ও সোলাইমান দুজনই হত্যার সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
