নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা দিতে না পারায় স্ত্রীকে দুই দিন ঘরে তালাবদ্ধ করে শেকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত তাসলিমা আক্তার (৩৩) গতকাল সোমবার আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ করেছেন। উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।
অভিযোগ থেকে জানা যায়, ব্রাহ্মন্দী গ্রামের বিল্লালের সঙ্গে একই গ্রামের তাসলিমা আক্তারের ১৬ বছরের সংসার। তাদের চারটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্ত্রী জানতে পারেন বিল্লাল মাদকসেবী। নেশার টাকার জন্য প্রতিনিয়ত সে স্ত্রী এবং বৃদ্ধ মা ফাতেমা বেগমকেও শারীরিক নির্যাতন করে। নেশার টাকা না পেয়ে গত শনিবার সকালে বিল্লাল স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে খুঁটির সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখে এবং অমানুষিক নির্যাতন চালায়। গতকাল সকালে শাশুড়ি ফাতেমা বেগম এলাকার লোকজনকে ডেকে এনে তাসলিমাকে উদ্ধার করেন। আড়াইহাজার থানার এসআই শহিদুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।’
