নিউইয়র্কে গোলাপের বাড়ি

তথ্য অনুসন্ধানে দুদককে নির্দেশ হাইকোর্টের

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৬ এএম

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাধিক বাড়ি ক্রয় ও ক্ষমতার অপব্যবহার করে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। আদালত আগামী চার মাসের মধ্যে অনুসন্ধান শেষে দুদককে প্রতিবেদন দিতে বলেছে।

সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক ‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ বা ওসিসিআরপির প্রতিবেদনের বরাতে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এমপি গোলাপের নামে নিউইয়র্কে ৪০ লাখ ডলারের মূল্যের ৯টি বাড়ি রয়েছে। বিষয়টি তিনি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি।

বিষয়টির অনুসন্ধান চেয়ে গত রবিবার রিট আবেদনটি করেন ব্যারিস্টার সুমন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ব্যারিস্টার সুমন ও দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত