সাংবাদিকতায় দুশ্চিন্তার কারণ কৃত্রিম চিন্তা!

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১০:৫১ পিএম

তথ্য-উপাত্তের ভাণ্ডার নাগালে পেয়ে বেশ মনোযোগ দিয়ে সেগুলো পড়া, তথ্য-উপাত্ত, সংখ্যাগত বিশ্লেষণ করে মহাপণ্ডিত হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষকে পড়তে পারা অত্যাধুনিক এ প্রযুক্তির আগমনের শুরুর থেকেই এর সমস্যা-সম্ভাবনা এবং মানুষের জন্য ঝুঁকি হয়ে ওঠা নিয়ে আলোচনা হচ্ছে। অনেকের শঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক মানুষের জন্য পেশাগত সংকট তৈরি করবে। সহজভাবে বললে অনেক কাজে মানুষের জায়গা নিয়ে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। যার উদাহরণ হালের আলোচিত চ্যাট জিপিটি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে সাংবাদিকতা জগতেও। এ বিষয়ে জার্মান মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঞ্জারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিয়াস ডোফনার বলেন, ‘চ্যাট জিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকদের পেশাকে ঝুঁকিতে ফেলতে পারে। কেননা, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এসব সফটওয়্যার দিয়ে ব্যক্তি সাংবাদিকের কাজ করানো সম্ভব হতে পারে।’

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ সামাল দিতে অনুসন্ধানী সাংবাদিকতা ও মৌলিক লেখায় সাংবাদিকদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছে জার্মানির সংবাদ সংস্থা পলিটিকো। সম্প্রতি জার্মানিতে ডাই ওয়েল্ট ও বিল্ডের মতো বিভিন্ন পত্রিকা থেকে কর্মী ছাঁটায়ের পরিপ্রেক্ষিতেই এ বিষয়ে কথা বলেন পলিটিকোর মালিক।

বিল্ড ও ডাই ওয়েল্টকে পুরোপুরি ডিজিটাল মিডিয়ায় রূপান্তরিত করার পাশাপাশি গণমাধ্যম থেকে আয়ের পরিমাণ বাড়াতে এআইর ব্যবহার শুরু করেছে তারা। এক্সেল স্প্রিঞ্জার জানায়, এআই এবং স্বয়ংক্রিয় অন্যান্য প্রযুক্তির মাধ্যমে অনেক কাজই এখন লোকবল ছাড়াই করে ফেলা সম্ভব হচ্ছে। ফলে অতিরিক্ত কর্মীর প্রয়োজন নেই তাদের। এক্সেল স্প্রিঞ্জার কতজন কর্মী ছাঁটাই করবে, তা নিয়ে অবশ্য কিছু জানায়নি। এক্সেল স্প্রিঞ্জার ছাড়াও বিশ্বব্যাপী আরও বেশ কিছু সংবাদমাধ্যম এআই ব্যবহার করে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে। তবে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। এখনো কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো অতটা সূক্ষ্মভাবে চিন্তা করা এবং স্বচ্ছতা বজায় রাখতে শেখেনি, যা একজন সাংবাদিক ব্যক্তি হিসেবে পারেন। জার্নালিজম ডটকম ইউকে বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো সাংবাদিকতায় সময় বাঁচিয়ে দেবে। কিন্তু কেবল ডেটানির্ভর প্রতিবেদন উপস্থাপন ও ব্যক্তি চিন্তার জায়গায় ছাড় দিলে নৈতিকতার সংকটও দেখা দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত