দুই ট্রেনের সংঘর্ষ

গ্রিসে বিক্ষোভ পরিবহনমন্ত্রীর পদত্যাগ

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১১:০৩ পিএম

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হয়েছে। এ ঘটনার জেরে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধরা। গ্রিসের রেলওয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানি হেলেনিক ট্রেনের সদর দপ্তরের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে। গত মঙ্গলবার দুর্ঘটনার রাতেই ঘটনাস্থল সংলগ্ন থেসালোনিকি ও লারিসা শহরেও বিক্ষোভ হয়েছিল। দুর্ঘটনার সময় যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় সাড়ে তিনশ মানুষ ছিলেন। অধিকাংশেরই বয়স ছিল ২০-এর কোঠায়। তারা ছিলেন শিক্ষার্থী। ধর্মীয় এক ছুটি শেষে তারা থেসালোনিকিতে ফিরছিলেন। গ্রিক প্রধানমন্ত্রী কায়রাকোস মিতসোতাকিস বলেছেন, মানুষের ভুলের কারণে এ বিপর্যয়কর দুর্ঘটনা ঘটেছে। লারিসা শহরের স্টেশন মাস্টারকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির কারণে নরহত্যার অভিযোগ আনা হয়েছে। রেল ইউনিয়ন সদস্যদের অভিযোগ, বছরের পর বছর ধরে এ ব্যাপারে সতর্ক করা হয়ে এলেও এ ব্যবস্থায় ত্রুটি ছিল। রেল ওয়ার্কার্স ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, ‘বছরের পর বছর গ্রিক রেলওয়েতে সরকারের অবহেলা এই মর্মান্তিক ফল বয়ে এনেছে।’ দুর্ঘটনার দায় নিয়ে বুধবারই পদত্যাগ করেন গ্রিসের পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত