বালু উত্তোলনে বাধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে মারধর

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৬:২৭ এএম

জামালপুরের বকশিগঞ্জে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করতে বাধা দেওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় বকশিগঞ্জ থানায় গত বৃহস্পতিবার রাতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল গণি বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা করেছেন।

আবদুল গণি বলেন, নিলাখিয়া ইউনিয়নের হাছেন মিয়া পাশর্^বর্তী বিনোদরচর গ্রামে তার জমিতে ড্রেজার মেশিন বসিয়ে কয়েকদিন থেকে বালু উত্তোলন করে আসছিলেন। স্থানীয়রা বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বীকে জানালে তিনি আমাকে সরেজমিনে বালু উত্তোলনের বিষয়টি দেখে আসার নির্দেশ দেন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে জমির মালিক হাছেন মিয়া ও ড্রেজার মালিক আবদুল কুদ্দুসকে বালু উত্তোলন বন্ধ করতে বলা হয়। তারা বালু উত্তোলন বন্ধে অপারগতা জানিয়ে কথা কাটাকাটি শুরু করে।

আবদুল গণি আরও বলেন, একপর্যায়ে হাছেন মিয়া, আবদুল কুদ্দুস, বেলাল মিয়াসহ ড্রেজার মেশিনের শ্রমিকরা তাকে মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়।

আবদুল গণিকে মারধরের খবর পেয়ে বকশিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন, পাইপ ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন।

বকশিগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, মারধরের ঘটনায় নিলাখিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল গণি বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত