ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আগামী জাতীয় নির্বাচনে দলীয় হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির প্রধান। দলের সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ‘আপনার কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ আশা করেছিলাম। কিন্তু আপনি হলেন কওমি জননী।’
গতকাল শনিবার বিকেলে সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কে জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচন ১৪-দলীয় জোটের ভিত্তিতে হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাই নাকি বলছেন, আওয়ামী লীগের ডামি বা বিদ্রোহী প্রার্থীদের দিয়ে পুরো ৩০০ আসনে নির্বাচন করবে। তাই ওয়ার্কার্স পার্টি সিদ্ধান্ত নিয়েছে, নিজস্ব প্রতীকে আমরা নির্বাচন করব।’ আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত সরবারের মন্ত্রী মেনন বলেন, ‘পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে, পার্বতীপুরে মন্দিরে হামলা হচ্ছে, এমন অসংখ্য সাম্প্রদায়িক হামলা হচ্ছে, অথচ তার বিচার হচ্ছে না।’ রাশেদ খান মেনন গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি ও আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার সমালোচনা করেন। মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পার্টির পলিটব্যুরোর সদস্য মুস্তফা লুৎফুল্লাহ এমপি, লুৎফুন্নেসা খান বিউটি এমপি প্রমুখ।
