সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুরের রংধনু মডেল স্কুলের প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৮০ শিক্ষার্থীকে গতকাল সোমবার সকালে হেলিকপ্টারে আকাশে ঘুরিয়ে ব্যতিক্রমী সংবর্ধনা দেওয়া হয়।
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তনু। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। সভাপতিত্ব করেন রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তনু কেক কেটে এ সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর ৮০ শিক্ষার্থীকে চারজন করে ২০ বারে হেলিকপ্টারে শাহজাদপুরের আকাশে ঘোরানো হয়।
এ বিষয়ে রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন বলেন, শিক্ষার্থীদের আরও ভালো পড়ালেখা করার উৎসাহ প্রদানের লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
এ সময় নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থী নিশাত, স্বর্ণা, মাইসি ও সুমসা বলেন, এই আয়োজন আমাদের পড়ালেখায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে।
প্রধান অতিথি রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তনু তার বক্তব্যে বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় নিঃসন্দেহে আরও উৎসাহিত করবে।
