বিএনপি রাজপথে নামলে বিস্ফোরণ হবে না, বরং গণ-অভ্যুত্থান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি না, একটির পর একটি এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কি না’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় খন্দকার মোশাররফ ওই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমাদের সমাবেশ করতে অনুমতি দেয় না, আমাদের মিটিং করতে দেয় না; কারণ তাদের ভয় আমরা নাকি সমাবেশ করলে ঢাকায় বিস্ফোরণ হবে।’
সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুর রহিমের পরিচালনায় সভায় বক্তব্য দেন ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি: সিদ্দিকবাজারে বিস্ফোরণে আহতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব নেতারা।
