জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের একটি আবাসিক হলে ঢুকে চুরির চেষ্টা করে ব্যর্থ হয়ে ছাত্রীদের গালাগাল করেছেন অজ্ঞাতপরিচয় এক যুবক।
গত মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে এ ঘটনা ঘটে। হলে ঢুকে চুরির এই চেষ্টার পর নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়েছেন ছাত্রীরা।
ভুক্তভোগী ছাত্রীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে শেখ হাসিনা হলের ১১৫ নম্বর কক্ষের জানালার ভাঙা অংশে লম্বা বাঁশ ঢুকিয়ে চুরির চেষ্টা করে এক যুবক।
কক্ষটির বাসিন্দা এক ছাত্রীর ব্যাগ টেনে বের করার চেষ্টা করলে দেখে ফেলেন ওই ছাত্রী। তিনি বাঁশটি টেনে ধরে চোর চোর বলে চিৎকার দেন। এতে কক্ষটির বাসিন্দা অন্য ছাত্রীরা ঘুম থেকে উঠে পড়েন। এ সময় চোর জানালার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছাত্রীদের উদ্দেশ করে গালিগালাজ করে।
পরে হলের নিরাপত্তারক্ষীরা গিয়ে হলের চারপাশ খুঁজে দেখেন। কিন্তু ততক্ষণে ওই যুবক সটকে পড়ে।
হলটির এক কর্মকর্তা জানান, একই সময়ে ১১৫ নম্বর কক্ষের ঠিক উল্টো দিকের অপর পাশের একটি কক্ষে এক ছাত্রীকে ‘এই’ বলে ডাক দেয় আরেক যুবক।
পরে ওই ছাত্রী পাশের কক্ষ থেকে বান্ধবীদের ডেকে আনেন। তখন ওই যুবক সটকে পড়ে।
ঘটনার বর্ণনা দিয়ে হলের ১১৫ নম্বর কক্ষের এক ছাত্রী বলেন, ‘হলের অন্য ছাত্রীরা চিৎকার করলেও সে (চোর) সেখানেই দাঁড়িয়ে ছিল। কোনো ভয়ডর ছিল না তার। মেয়েদের হলে এসে একটা ছেলে চুরির চেষ্টা করে এবং এভাবে দীর্ঘসময় নিয়ে গালিগালাজ করল অথচ গার্ডরা তাকে ধরতেই পারল না!’
শেখ হাসিনা হলের বাসিন্দা সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের এক ছাত্রী বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে হলের আপুদের চোর চোর শব্দে আমার ঘুম ভেঙে যায়। পরে দেখি, আপুদের কক্ষের জানালার পাশে দাঁড়িয়ে ওই চোর অকথ্য ভাষায় গালিগালাজ করছে।’
এদিকে ছাত্রীদের হেনস্তার এই ঘটনার পরপরই শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ হোসনে আরা ঘটনাস্থলে যান। হলের ওয়ার্ডেনকে প্রধান ও সব আবাসিক শিক্ষককে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে প্রাধ্যক্ষ হোসনে আরা বলেন, ‘এখানে ছাত্রীদের নিরাপত্তার বিষয় জড়িত। তাই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সব নিরাপত্তারক্ষীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হলের চারপাশ সিসি ক্যামেরার আওতায় আনা ও হলের সীমানা প্রাচীরে কাঁটাতার বসানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ারও অনুরোধ করেছি।’
