যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেক জালিয়াতির মামলার দুই আসামির স্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের (ফ্রিজ) আদেশ দিয়েছে আদালত।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আল আমিনের আবেদনের প্রেক্ষিতে গত মঙ্গলবার এই আদেশ দেন সিনিয়র স্পেশাল জজ (জেলা জজ) শেখ নাজমুল আলম। অভিযুক্ত ওই দুজন হচ্ছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চাকরিচ্যুত হিসাব সহকারী আবদুস সালাম ও সদর উপজেলার রামনগর গ্রামের প্রেস মালিক শেখ শরিফুল ইসলাম। এ দুইজনসহ পাঁচজনের বিরুদ্ধে ২০২১ সালের ১৮ অক্টোবর দুদকের করা মামলায় ৩৮টি চেক জালিয়াতি করে ৬ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৩৯৮ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
দুদকের বিশেষ কৌঁসুলি সিরাজুল ইসলাম জানান, আদালত আসামিদের স্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছেন। আদালতের এই আদেশের নোটিস সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। যাতে আসামিরা সম্পত্তি বিক্রি এবং ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারেন।
