বরগুনার পাথরঘাটায় মাদক কারবারির ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
গতকাল শনিবার বিকেল তিনটার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার।
আহতরা হলেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্য মো. প্রিন্স (৩০), ডিবি পুলিশের তথ্যদাতা (সোর্স) রিপন ও সাগর। রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারি সৈকতকে ধরতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট বাজার এলাকার জাকারিয়ার চায়ের দোকানের আশপাশে অবস্থান নেয়। এ সময় সৈকত ওই দোকানেই মাদক বেচাকেনা করছিল। পাশেই ছিলেন ডিবি পুলিশের দুজন সোর্স। তখন দুজন গোয়েন্দা পুলিশ সৈকতকে জাপটে ধরলে সে পকেট থেকে ছুরি বের করে এলোপাতাড়ি আঘাত করে। এতে মো. প্রিন্স আহত হন। অন্যরা দৌড়ে এগিয়ে গেলে সৈকত পালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে সোর্স রিপন ও সাগরকে আহত করে। পরে আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
পাথরঘাটা থানার ওসি মো. শাহ আলম জানান, মুন্সিরহাট এলাকার জাকারিয়ার চায়ের দোকানে আসামি আছে কি না তা যাচাই করতে গেলে তারা গোয়েন্দা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাকারিয়াকে
থানায় নিয়ে আসা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
