সুড়ঙ্গ খুঁড়ে স্বর্ণের দোকানে চুরি আটক ২

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৫:৫৬ এএম

মাগুরা শহরের পুরাতন বাজারে সুড়ঙ্গপথ খুঁড়ে অভিনব কায়দায় একটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। বাজারের বৈদ্যনাথ জুয়েলার্সে এ চুরির ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। চুরি যাওয়া কিছু স্বর্ণও উদ্ধার করেছে সদর থানা-পুলিশ।

মাগুরা সদর থানার ওসি জব্বারুল ইসলাম জানান, শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। আগের দিন বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান বৈদ্যনাথ জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাস। দোকান বন্ধের পর কোনো একসময় বৈদ্যনাথ জুয়েলারির পাশের দোকান বিনোদপুর জুয়েলারির তালা ভেঙে কারখানার ভেতরে ঢোকে চোরচক্রটি। পরে বিনোদপুর জুয়েলারির মেঝেতে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে বৈদ্যনাথ জুয়েলারির কংক্রিটের মেঝে ভেঙে ওই দোকানে প্রবেশ করে চুরি সংঘটিত করে। শুক্রবার সন্ধ্যায় চুরির বিষয়টি পুলিশকে জানান দোকান মালিক বিমল দত্ত। পরে ঘটনার তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করে। এ ছাড়া উদ্ধার অভিযান চালিয়ে কিছু সোনা উদ্ধার করা হয়েছে। বাকি সোনা উদ্ধারের জন্য অভিযান চলছে।

বৈদ্যনাথ জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাস বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী ব্যবসায়ীদের খবরে দোকান খুলে দেখি সব এলোমেলো। দোকানের সামনের দিকের তাকে কোনো স্বর্ণ নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত