ঢাকা প্রিমিয়ার লিগে এবার ভালো উইকেটের দারুণ সদ্ব্যবহার করছেন ব্যাটাররা। দলগুলো বড় রান পাচ্ছে, ব্যাটাররাও তৈরি করছেন ব্যক্তিগত মাইলফলক। কাল তেমনি তিন ম্যাচে তিন ব্যাটার করেছেন সেঞ্চুরি। শেখ জামাল ধানম-ির হয়ে সাইফ হাসান ১১২ বলে ১০৮। লিজেন্ডস অব রূপগঞ্জের সাব্বির রহমান রুম্মান অপরাজিত ১০৭ বলে ১১০ ও ও ব্রাদার্স ইউনিয়নের সাব্বির হোসেন ১১৮ বলে ১২৫। প্রথম দুজনের দল জিতলেও ব্রাদার্সের সাব্বিরের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরির খুশি মাটি হয়েছে দল হারায়।
আগের ম্যাচে পায়ে হালকা চোট পাওয়ায় দ্বিতীয় ম্যাচে খেলেননি মাশরাফী বিন মোর্ত্তজা। প্রতিপক্ষ দুর্বল সিটি ক্লাব বলে ঝুঁকি নিতে চাননি। তাকে ছাড়া রূপগঞ্জের জিততে অবশ্য বেগ পেতে হয়নি। সিটি ক্লাবের করা ২৪৮ রান প্রায় ৮ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই সফল তাড়া করেছে (২৫২/৩) রূপগঞ্জ। ফতুল্লায় প্রাইম ব্যাংক ৮ উইকেটে ২৬৮ রান করে ৫৮ রানে জিতেছে বোলারদের কল্যাণে। রেজাউর রহমান রাজার ৪ ও রুবেল হোসেনের ৩ উইকেটে ব্রাদার্স মাত্র ২১০ রানে গুটিয়ে যায়। দিনের সর্বোচ্চ রান হয়েছে বিকেএসপিতে। বড় ব্যবধানের জয়ও পেয়েছে তারা। শেখ জামাল ৫ উইকেটে ৩১৭ রান করে নবাগত অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২০৩ রানে হারিয়েছে। অগ্রণী মাত্র ১১৪ রানে অলআউট হয়। বিশাল ব্যবধানে জেতায় বর্তমান চ্যাম্পিয়নদের রানরেটও বেড়েছে দ্বিগুণ। ২.৯১ রান রেট নিয়ে ৪ পয়েন্টে শীর্ষে তারা। দুইয়ে থাকা রূপগঞ্জ ০.৮৩ রান রেটে ৪ পয়েন্ট পেয়েছে। সমান ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে প্রাইম ব্যাংক।
গত বছর ডিপিএলেই সবশেষ সেঞ্চুরি করেছিলেন সাব্বির রহমান। সেটা ছিল আবার ৩ বছর পর পাওয়া। সুপার লিগে ভালো করে ফিরেছিলেন জাতীয় দলেও। কিন্তু পারফরম করে জায়গা ধরে রাখতে পারেননি। দল থেকে ছিটকে গিয়ে এখন ঘরোয়া ক্রিকেটকে আবার আঁকড়ে ধরেতে হচ্ছে সাব্বিরের। ডিপিএলে সেই চেষ্টাটা বেশ ভালোভাবেই করছেন। প্রথম ম্যাচে ৪৯ রানের ইনিংস খেলে আউট হয়েছিলেন। কাল মিরপুরে সেঞ্চুরি করেই থামলেন। কোনো ভুল না করা সেঞ্চুরির ইনিংসে বেশ সাবলীল ব্যাটিং করেছেন সাব্বির। ৭৩ রানে দুই উইকেট হারানোর পর ইরফান সুক্কুরকে নিয়ে ১৫৭ রানের জুটি গড়েন। টানা দ্বিতীয় ফিফটি করে ইরফান ৭৪ বলে ৭৪ রানে আউট হলেও শেষ পর্যন্ত টিকে ছিলেন সাব্বির। সিটির হয়ে তরুণ আবদুল্লাহ আল মামুন সর্বোচ্চ ৫১ রান করেন।
ব্রাদার্সের বিপক্ষে প্রাইম ব্যাংকের জয়ের নায়ক বোলাররা। মাত্র ৫ ওভারে ৩ উইকেট এনে দিয়েছেন রুবেল। এরপর আর বল করেননি। তরুণ পেসার রাজা ৬.১ ওভারে নিয়েছেন ৩০ রানে ৪ উইকেট। ব্যাটিং উইকেট সর্বস্ব এবারের লিগে এটাই এখন পর্যন্ত হওয়া ৯ ম্যাচে কোনো বোলারের সেরা বোলিং ফিগার। এছাড়া অভিজ্ঞ অলক কাপালি নেন ২ উইকেট। ফতুল্লার সহজ ব্যাটিং উইকেটে তাই ২৬৯ রানের লক্ষ্য পেয়েও তা টপকাতে পারেনি ব্রাদার্স। এক সাব্বির হোসেন বাদে বড় রান করতে পারেননি কোনো ব্যাটার। আনিসুল ইসলাম ইমন ৫৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন। মাত্র ৬ লিস্ট এ ম্যাচ খেলা ২৬ বছর বয়সী সাব্বিরের এটা প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরির পাশাপাশি ৩ উইকেট নেওয়ায় ম্যাচ সেরাও হয়েছেন তিনি। প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেছেন গত যুব বিশ্বকাপ খেলা প্রান্তিক নওরোজ নাবিল। এছাড়া দিপু ৪৩, আল-আমিন ২০ ও অলক কাপালি ২৮ রান করেন।
দিনের একপেশে ম্যাচে চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি অগ্রণী। শুরুর তিন ব্যাটারের বড় রানে বড় স্কোর পেয়ে যায় শেখ জামাল। সাব্বির রহমানের মতো প্রায় বছর খানেক পর সেঞ্চুরির দেখা পেলেন সাইফ হাসানও। জাতীয় দল থেকে বাদ পড়া এই ওপেনার সবশেষ উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সেঞ্চুরি করেছিলেন। তার ১০৮ অপর ওপেনার সৈকত আলির ৮৮ বলে ৭৮ ও তিনে নামা ফজলে রাব্বির ৫৭ বলে ৮০ রানে তিনশো ছাড়ানো স্কোর গড়ে শেখ জামাল। জবাবে বিকেএসপির উইকেট পড়তে না পারায় সাইফ হাসান ও পারভেজ রসুলদের স্পিনে কুপোকাত হয় অগ্রণী। তিন অঙ্কে পৌঁছেছেন মাত্র তিন ব্যাটার।
