মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মিনহাজ বিশ্বাস (২০) নামে এক যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি দুর্ঘটনার শিকার ইমাদ পরিবহন বাসটির সুপারভাইজর ছিলেন। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
রোববার (১৯ মার্চ) দুপুরে মিনহাজের স্বজনরা হাসপাতালের মর্গে এসে তার পরিচয় শনাক্ত করেন।
তার চাচাতো ভাই সাব্বির হোসেন জানান, মিনহাজের বাবার নাম মিজান বিশ্বাস। বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার পুরান মানিকদা গ্রামে। দুই ভাই এক বোনের মধ্যে মিনহাজ ছিলেন ছোট।
এই ঘটনায় নারীসহ ৭ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এর আগে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে মুচড়ে যায় বাসটি। বেলা দেড়টা পর্যন্ত ২০ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
