হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মনতলা আঞ্চলিক সড়কের কৃষ্ণপুর এলাকায় এলজিইডির নির্মাণাধীন একটি সেতুর কাজ বন্ধ রয়েছে এক বছরেরও বেশি সময় ধরে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন প্রায় চারটি ইউনিয়নের হাজার হাজার মানুষ। বিকল্প হিসেবে একটি কাঠের সেতু তৈরি করা হলেও তা দিয়ে শুধু তিন চাকার যান ও হেঁটে মানুষ চলাচল করতে পারে।
জানা যায়, উপজেলার জগদীশপুর থেকে মনতলা আঞ্চলিক সড়কের কৃষ্ণপুর এলাকায় ছড়ার ওপর পুরনো সেতুটি ভেঙে গেলে নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২০ সালের শুরুতে দরপত্র আহ্বান করলে ২ কোটি ৩৯ লাখ টাকায় কাজটি পায় ‘হাসান কনস্ট্রাকশন’ নামে ব্রাহ্মণবাড়িয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২০ সালের মাঝামাঝি সময়ে কাজ শুরু হলে করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে যায়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ২০২২ সালের শুরুতে কাজ শুরু হলে অদৃশ্য কারণে আবারও বন্ধ হয়ে যায়। দীর্ঘদিনেও সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলকারী উপজেলার জগদীশপুর, শাহজাহানপুর, চৌমুহনী ও বহরা ইউনিয়নের হাজার হাজার জনসাধারণ। ইউনিয়ন চারটি শীতকালীন সবজির জন্য বিখ্যাত। অথচ এই সেতুর কারণে এখানে উৎপাদিত পণ্য পরিবহনের ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি খরচও বাড়ছে।
এ বিষয়ে স্থানীয় বহরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, ‘সেতুর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। এমনকি তার ব্যবহৃত নম্বরে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।’
হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল বাছির বলেন, ‘করোনা ও অর্থ সংকটের কারণে কাজ বন্ধ রয়েছে। তবে দ্রুতই কাজ শুরু করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।’
