টাঙ্গাইলের মির্জাপুরে দিনের বেলায় টিউবওয়েলের পানিতে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দুই পরিবারের নয়জনকে অচেতন করে রাতে দুই বাড়িতে সিঁধ কেটে সর্বস্ব লুটে নিয়েছে চোরের দল। গত রবিবার রাতে উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের হাতেম আলী খানের দুই ছেলের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে ভিক্ষুক বেশে দুজন মহিলা ওই বাড়িতে প্রবেশ করে। হাত-মুখ ধোয়ার কথা বলে তারা দুটি টিউবওয়েল ব্যবহার করেন। পরে দুপুরের খাবারের সঙ্গে ওই টিউবওয়েলের পানি পান করলে বিকেলের দিকে মিলন খান ও মোমিন খানসহ দুই পরিবারের ৯ সদস্য অচেতন হয়ে পড়েন। রাতে চোরের দল দুই ঘরে সিঁধ কেটে নগদ টাকা, চাল, ফ্রিজের মাছ-মাংসসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। রাত ২টার দিকে প্রতিবেশী আমানুল্লাহ প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে সিঁধ কাটার বিষয়টি টের পেয়ে খোঁজ নিতে এসে সবাইকে অচেতন দেখতে পান। পরে সকালে সবাইকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
মিলন খান বলেন, ‘চোরের দল ঘরের সামনের দিকে না এসে পেছন দিক থেকে সিঁধ কাটে।’
