কুয়েতে তেলের পাইপলাইন ছিদ্রে জরুরি অবস্থা

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১০:৪১ পিএম

কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি পাইপলাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কুয়েত অয়েল কোম্পানি। তবে এ ঘটনায় কেউ আহত বা তেল উৎপাদনের কোনো ব্যাঘাত ঘটেনি। গতকাল সোমবার রাষ্ট্রীয় কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির পশ্চিমে এ ঘটনা ঘটেছে।

তেল কোম্পানিটির মুখপাত্র কুসাই আল-আমের বলেন, এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাইপলাইনে ছিদ্র হওয়ার ঘটনাটি স্থলভাগে ঘটেছে। তবে সেটি কোনো আবাসিক এলাকা নয়। 

ঠিক কোথায় এই পাইপলাইন ছিদ্র হয়েছে, তা প্রকাশ করতে রাজি হননি আল-আমের। তিনি বলেছেন, ছিদ্রের উৎস এবং ঘটনাটি তদন্ত করার জন্য একটি দল পাঠানো হয়েছে। কুয়েতের আল রাই পত্রিকা টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, একটি মোটা পাইপ থেকে অনর্গল তেল ছড়িয়ে পড়ছে। তবে এএফপি নিজেদের পক্ষ থেকে এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত