বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল আয়োজিত জলবায়ু পরিবর্তনের ওপর একটি সেমিনার গতকাল মঙ্গলবার গাজীপুর ক্যাম্পাসের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে যুক্তরাষ্ট্রের লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ক্যারোল এ. উইলসন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ‘নদী প্রবাহের কারণে উপকূলে প্রাকৃতিকভাবে জমাকৃত পলিমাটি এবং বাঁধের ভেতরে জমাকৃত পলিমাটির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। জুন-সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি পলি জমে। অন্যদিকে শুষ্ক মৌসুমে অপেক্ষাকৃত কম পলি জমে। ২০১৭ সালে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সুন্দরবন এলাকায় প্রচুর পলি জমে যা বিগত বছরের চেয়ে প্রায় ৪০-৭০ শতাংশ বেশি। গত কয়েক দশক ধরে, অপরিকল্পিত বন্যার বাঁধ নির্মাণের ফলে ব-দ্বীপের নৃতাত্ত্বিক পরিবর্তন দেখা যাচ্ছে। ভূপৃষ্ঠে পলি জমছে, উপকূলে লবণ পানির প্রভাব ও বনাঞ্চলে এই পানির উচ্চতা বৃদ্ধি পাল্টে দিচ্ছে জীবনযাত্রাকে। সুন্দরবনে জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর এর প্রভাব মারাত্মকরূপ নিতে পারে। মানব তৈরি বাঁধ সুন্দরবনকে হুমকির মধ্যে ফেলছে। প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের বিপর্যয় মোকাবিলায় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দ্রুত পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
সেমিনারে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আক্তার। এ ছাড়া সেমিনারে বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহবুবা নাসরিন ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলমসহ ডিন, বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
