দেশের অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য রোজায় অনুদান সংগ্রহের কর্মসূচি নিয়েছে ইউনিসেফ বাংলাদেশ। রোজার মাসে এটাই বাংলাদেশে প্রথমবারের মতো বড় পরিসরে তহবিল সংগ্রহ কর্মসূচি বলে জানিয়েছে সংস্থাটি। সংস্থার পক্ষ থেকে দেশের শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার রক্ষায় এই কর্মসূচিতে অংশ নিয়ে অনুদান দিতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল বুধবার ইউনিসেফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, রমজান জুড়ে বাংলাদেশে অনুদান সংগ্রহের এ প্রচারাভিযান চলবে সম্পূর্ণ স্বেচ্ছাদানের ভিত্তিতে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশে শিশুদের অপুষ্টির চিত্র তুলে ধরে বলা হয়, ‘স্টান্টিং’ বা খর্বাকৃতির শিশু জন্মের হার ২০১৩ সালের ৪২ শতাংশ থেকে কমে ২০১৯ সালে ২৮ শতাংশে হয়েছে। তারপরও বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ৫০ লাখের বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। এটি প্রথমে স্কুলে এবং পরে কর্মক্ষেত্রে কাজের দক্ষতা কমিয়ে দেয় এবং শিশুদের সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর উচ্চঝুঁকিতে ঠেলে দেয়।
ইউনিসেফ বাংলাদেশ জানায়, শিশুদের আরেকটি সমস্যা ‘ওয়েস্টিং’। এতে শিশু শীর্ণকায় (উচ্চতার তুলনায় কম ওজন) হয়ে যায়। অতিদরিদ্র পরিবারগুলোতে জন্ম নেওয়া শিশুদের ‘স্টান্টিং’ ও ‘ওয়েস্টিং’-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।
