পবিত্র রমজানে দেশ-বিদেশের মুসল্লিদের সেবায় মক্কার মসজিদে হারামে চার কোটি লিটার জমজমের পানি বিতরণ করবে সৌদি সরকার। এ উপলক্ষে বাড়তি ২০ হাজার জনকে নিয়োগ করা হয়েছে। রমজানের শুরু থেকেই এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। সাধারণত রমজান মাসে সবচেয়ে বেশিসংখ্যক মুসলিম ওমরাহ পালন ও ইবাদতের জন্য মসজিদে হারামে আসেন। গ্র্যান্ড মসজিদের জমজম বিভাগের প্রধান আবদুর রহমান আল জাহরানি বলেছেন, মুসল্লিদের জন্য পবিত্র পানি সহজলভ্য করতে বিভিন্ন জায়গায় ৩০ হাজারেরও বেশি পাত্র রাখা হয়েছে। তিনি বলেন, ‘দক্ষ এবং মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করার জন্য অধিদপ্তর ১,৪২৩ জন কর্মী নিয়োগ করেছে।’ ওই কর্মকর্তা আরও জানান, বিষয়গুলোর দায়িত্বে নিয়োজিত জেনারেল প্রেসিডেন্সি রোবট এবং ৮০টি স্মার্ট কার্ড ব্যবহারের মাধ্যমে পবিত্র কাবার আঙিনাজুড়ে জমজমের পানির সহজলভ্যতা বাড়ানো হয়েছে। করোনা মহামারীর সময় সতর্কতার অংশ হিসেবে গ্র্যান্ড মসজিদে জমজমের বোতল বিতরণের জন্য রোবট ব্যবহার করা হয়েছিল। তবে এ বছর স্বাস্থ্যবিধি মেনে জেনারেল প্রেসিডেন্সি নিয়োজিত কর্মীরা পানি বিতরণ করবেন। তবে রোবটের ব্যবহারও থাকবে।
×
