উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিসম্পন্ন একটি নতুন আক্রমণাত্মক সাবমেরিন-ড্রোনের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। এই ডুবোড্রোনের নাম হায়িল বা সুনামি। এটি শত্রু জলসীমায় ঢুকে চোরাগোপ্তা আক্রমণ এবং পানির নিচে বিস্ফোরণ ঘটিয়ে বিশাল তেজস্ক্রিয় তরঙ্গ সৃষ্টি করে নৌপথে আক্রমণকারী বাহিনী বা বড় কর্মক্ষম বন্দর ধ্বংস করতে সক্ষম বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া নিয়ে শীর্ষ নেতা কিম জং উনের সতর্কবার্তার মধ্যে পিয়ংইয়ং এ পরীক্ষা চালাল। পরীক্ষা চলাকালে নতুন ড্রোনটি পানির ২৬০ থেকে ৫০০ ফুট গভীরে ৫৯ ঘণ্টারও বেশি সময় ধরে বিচরণ করেছে এবং পূর্ব উপকূলের জলসীমায় একটি অ-পারমাণবিক ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ঘটিয়েছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ এই দাবি করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
×
