রমজানের প্রথম দিন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইফতার আয়োজন করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গুলশানে নগর ভবনের সামনে ডিএনসিসি মেয়রের উদ্যোগে এই আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার ইফতারের কিছুক্ষণ আগে মেয়র আতিক উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বসে গল্প করেন। এ সময় শিশুরাও মেয়রের সঙ্গে গল্পে আনন্দে মেতে ওঠে।
আতিকুল ইসলাম বলেন, ‘সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে পুরো রমজান মাসব্যাপী ইফতারের ব্যবস্থা থাকবে। তবে শুধু নিম্ন আয়ের মানুষই নয় সবার জন্যই এটি উন্মুক্ত। যে কেউ এসে এখানে ইফতার করতে পারবেন।’
এ সময় উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইসহাক মিয়া, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আমেনা বেগম এবং অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী প্রমুখ।
