চিঠি দেড় বছর গোপন রেখে দায়িত্বে আছেন অধ্যক্ষ

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১১:৩৭ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে নিয়মবহির্ভূতভাবে কর্মরত আছেন কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ পিকু। ২০২২ সালের ১৭ অক্টোবর এক চিঠির মাধ্যমে তাকে অবহিত করা হয়। কিন্তু এত দিন বিষয়টি গোপন রেখে অধ্যক্ষ হিসেবে কাজ করে চলছেন। সম্প্রতি ওই চিঠি সাংবাদিকদের হাতে আসে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তাকে জানানো হয়, কলেজ অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আবেদন না করায় অধ্যক্ষ হিসেবে আর মেয়াদ বৃদ্ধির সুযোগ নেই। তিনি ওই চিঠিটি দীর্ঘদিন গোপন রেখে বহাল তবিয়তে কর্মরত আছেন। নিয়মিত কলেজের সব নথিপত্রে স্বাক্ষর করছেন তিনি। কলেজের সব বিলও পাস হচ্ছে তার স্বাক্ষরে।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ জুলাই কেশবপুর কলেজের অধ্যক্ষ পদে চাকরির মেয়াদ শেষ হয় কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকুর। এরপর চাকুরির মেয়াদ বৃদ্ধির জন্য দ্বিতীয় দফায় জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করেন তিনি। বিধি মোতাবেক আবেদন না করায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়নি। এ বিষয়ে ২০২২ সালের আগস্টে চিঠির মাধ্যমে তাকে অবহিত করা হয়। কিন্তু চিঠি গোপন করে এখনো তিনি অধ্যক্ষ পদে চাকরি করছেন।

এ বিষয়ে অভিযুক্ত সালেহ উদ্দিন পিকু বলেন, ‘এ রকম কোনো চিঠি আমাকে দেওয়া হয়নি। ২০২১ সালের ২৮ মার্চ মন্ত্রণালয়ের একটি সার্কুলার আছে। আমি ওই সার্কুলার বলে, গভর্নিং বডির রেজল্যুশন অনুযায়ী চাকরি করছি।’

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেশবপুর কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আল আমিন বলেন, ‘আমি সম্প্রতি ওই চিঠির বিষয়ে শুনেছি এবং চিঠিটি দেখেছি। আমি চিঠি ক্রস-চেক করছি। সত্যতা পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জাতীয় বিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা মুঠোফোনে বলেন, ‘আমরা শুনেছি তিনি এখনো চাকরি করছেন। এ বিষয়ে তাকে পুনরায় চিঠি দেওয়া হবে। তাতেও কাজ না হলে ব্যবস্থা গ্রহণের জন্য গভর্নিং বডিকে চিঠি দেওয়া হবে।’

চিঠির বিষয়ে কলেজ সভাপতি জানেন না কেন? এমন প্রশ্নের জবাবে ফাহিমা সুলতানা বলেন, ‘কলেজকে যত চিঠি দেওয়া হয় সবগুলো সভাপতিকে পৌঁছানো কলেজের দায়িত্ব। তা ছাড়া এত বড় একটা আলোচিত বিষয় সভাপতি হিসেবে তিনি জানবেন না কেন, আমি বিষয়টি বুঝতেছি না। সভাপতি হয়তো বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন।’ বলেও দাবি তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত