পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৩:০৯ এএম

বহুল প্রত্যাশিত পদ্মা সেতু গত বছরের ২৫ জুন উদ্বোধন হয়। সড়কপথে দুয়ার খুলে যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের। কিন্তু অপ্রাপ্তি ছিল একটিই উদ্বোধনের দিন পদ্মা সেতুতে চলেনি ট্রেন। সাড়ে নয় মাস পরে সেই অপেক্ষার অবসান ঘটছে আগামী ৪ এপ্রিল। এদিন প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুতে চলবে ট্রেন। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা শরিফুল আলম।

শরিফুল আলম বলেন, ‘পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সম্ভাব্য তারিখ ৪ এপ্রিল। আর  জুনের মধ্যেই কাজ শেষ হবে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইনের। এই অংশের ৩২ কিলোমিটার রেললাইনে রেল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে আগেই। রেল সেতুর প্রায় ৯৮.৫০ ভাগ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।’

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মূল সেতুতে রেললাইন স্থাপন প্রায় শেষ, ৭ মিটারের স্প্যান বসানো কেবল বাকি। ভায়াডাকের ওপর পাথরবিহীন সাড়ে ৬ কিলোমিটার রেললাইন স্থাপিত হচ্ছে মূল সেতুতে।

প্রসঙ্গত, পুরো প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে প্রায় ৭৫.৯২ ভাগ। আর দ্রুত কাজের সুবিধার্থে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করা হয়েছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অংশের কাজ শেষ হয়েছে ৭৪.১৪ শতাংশ। অন্যদিকে মাওয়া-ভাঙ্গা অংশে ৯১ দশমিক ৮৮ ও ভাঙ্গা-যশোর অংশে ৬৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল বন্ধ করে দ্রুত করা হচ্ছে এই প্রকল্পের ঢাকা-মাওয়া অংশের কাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত