দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

‘বীর নিবাস’ বরাদ্দে অনিয়ম তদন্তে জেলা প্রশাসন

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৩:১৩ এএম

পাবনার বেড়া উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন ‘বীর নিবাসের’ বাড়ি বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমকে কমিটির প্রধান করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, দেশ রূপান্তরের সংবাদে আমরা বেড়ায় বীর নিবাসের অনিয়মের অভিযোগ জানতে পেরে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দশ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৮ মার্চ মঙ্গলবার দেশ রূপান্তরের প্রথম পাতায় ‘মুক্তিযোদ্ধার বাড়ি ভাইকে বরাদ্দ সমাজসেবা কর্তার’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। এরপর জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠনসহ দ্রুত রিপোর্ট দাখিলের নির্দেশনা দেন।

গত বুধবার অনিয়ম তদন্তে বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমানকে আহ্বায়ক, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওছারুল আলমকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। তবে এই কমিটি নিয়েও প্রশ্ন ওঠে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, জরুরি দাপ্তরিক কাজের বাইরে থাকায় তদন্তের বিষয়ে লিখিত নির্দেশনা হাতে পাইনি। নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত