আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি শেষে শুক্রবার রাতেই ঢাকায় ফিরবেন সাকিব আল হাসান। শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবেন তিনি। সাভারের বিকেএসপিতে মোহামেডানের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
শুধু সাকিব নন, মোহামেডানের হয়ে এ ম্যাচে খেলবেন টি-টোয়েন্টি দলে থাকা রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজও। মোহামেডানের ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সাকিব কাল খেলবে। ওদের তিনজনের আজ রাতের টিকিট কাটা আছে।’
তবে পরের ম্যাচগুলোতে সাকিব খেলবেন কি না, সেটি নিশ্চিত নয়। ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টটি শুরু হবে। এরপর আইপিএলে যোগ দেবেন সাকিব। মোহামেডান তাই একাধিক ম্যাচে তাকে পাবে কিনা, সেই প্রশ্ন থাকছে।
এবারের আসরে মোহামেডান মোটেও ভালো করছে না। এখন পর্যন্ত মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তারা। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দল। তাদের অন্য ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
সাকিবরা দলটির ভাগ্য বদলাতে পারেন কিনা সেটিই এখন দেখার।
