‘যানজট নিরসনে নৌ-যোগাযোগের অবদান গুরুত্বপূর্ণ’

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০২:১৭ এএম

যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল শনিবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, শহরের অভ্যন্তরের নৌপথগুলো (নদী/খাল) যোগাযোগের উপযোগী করতে পারলে যানজট কমে সময় ও অর্থের সাশ্রয় হবে।

নসরুল হামিদ বলেন, শুভাঢ্যা খাল বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ খাল। এই খালকে কেন্দ্র করে এক সময় বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল। কালক্রমে খালটি এখন মৃত প্রায়। এই খালের উন্নয়ন করা গেলে ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত নৌ-যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হবে এবং কেরাণীগঞ্জের যানজট অনেকটাই কমে যাবে। তাছাড়া নদীর পানির মানেরও উন্নয়ন হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৩১৭ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ‘শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা’ শীর্ষক একটি প্রকল্প নিয়েছে।

এই প্রকল্পের সফল বাস্তবায়ন নিয়েই খাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত