বাউফলে ঘুমন্ত নানি-নাতনিকে কুপিয়ে জখম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১২:০৭ এএম

পটুয়াখালীর বাউফলে রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মোসা. রওশন আরা (৬০) ও তার নাতনি মোসা. হাবিবা আক্তারকে (১৩) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ৩টার দিকে কনকদিয়া ইউনিয়নের বউলতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বউলতলী গ্রামের সিকদার বাড়ির ওই ঘরে রওশনারা বেগম নাতনি হাবিবাকে নিয়ে বসবাস করতেন। সোমবার মধ্যরাতে দুর্বৃত্তরা কাঁচা ঘরের সিঁধ কেটে ভেতরে ঢোকে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে ওই দুজনের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে বাড়ির লোকজন এসে দুজনকে উদ্ধার করেন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে সিয়াম হোসেন (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত