ফারইস্টের সাবেক চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৬:৪৯ এএম

১১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এম এ খালেকসহ ১৭ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে (অর্থ পাচার) মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির একটি দল অনুসন্ধান শেষে গত মঙ্গলবার রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করে। গতকাল বুধবার সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কোনো রকম অর্থ পরিশোধ না করেই খালেকের পরিবারের সদস্য ও সহযোগীদের বিও অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা দেখানো হতো। তার নির্দেশে প্রতিষ্ঠানের কর্মকর্তারা এভাবে কোটি কোটি টাকা জমা করতেন। এরপর সেই টাকা ব্যাংক থেকে তুলে নিতেন। আত্মসাতের অর্থে খালেকের পরিবার কানাডায় সেকেন্ড হোম গড়েছেন। তার স্ত্রী-সন্তানরাও কানাডায় পালিয়েছেন।

সিআইডি সূত্র বলছে, টাকার অঙ্কে গরমিল এবং ভুয়া জমা বা ফেক ডিপোজিটের মাধ্যমে এ অর্থ আত্মসাৎ করা হয়েছে। অপরাধের পুরো প্রক্রিয়ায় ভূমিকা রাখেন এম এ খালেকের স্ত্রী সাবিহা খালেক, ছেলে শাহরিয়ার খালেদ রুশো, মেয়ে শারওয়াত খালেদ ও তার স্বামী তানভিরুল হক। অর্থ আত্মসাতের পাশাপাশি স্বজন ও সহযোগীদের নিয়ে প্রতিষ্ঠানের ৫৮৫ কোটি টাকার আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ান এম এ খালেক।

আদালতের নির্দেশে ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেডের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় সিআইডির অনুসন্ধানে এসব অনিয়ম ও অর্থ আত্মসাতের তথ্য উঠে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত