রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। বঙ্গবাজারের অগ্নিকান্ডে কয়েক হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে। সবার জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ক্রমন্বয়ে চলছে। এ বছরে আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে কিন্তু কী কারণে ঘটেছে এবং সরকার কী ব্যবস্থা নিয়েছে তা কেউ জানে না। মনে হচ্ছে কারও জবাবদিহি নেই। যার যেভাবে ইচ্ছা সেভাবেই দেশ চালাচ্ছে। আমরা যেন আল্লাহর ওয়াস্তে বেঁচে আছি।
গতকাল বুধবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর বঙ্গবাজার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জি এম কাদের এসব কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।
