পত্রিকা বিলি করে লেখাপড়ার খরচ জোগাতেন হাস

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০২:৪১ এএম

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস নিজের পড়ালেখার খরচ জোগাতে পত্রিকা বিলি, লনের ঘাস কাটা থেকে শুরু করে ফ্যাক্টরিতে কাজ করতেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চা উইথ পিটার’ নামের প্রকাশিত দ্বিতীয় সিজনের প্রথম পর্বে রাষ্ট্রদূত তার শিক্ষাজীবনে কাজ করার এই বিস্ময়কর তথ্য দেন। গত বৃহস্পতিবার রাতে এটি প্রচারিত হয় এবং গতকাল এটি ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পাতায় দেওয়া হয়।

সেখানে পিটার হাস বলেন, উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যয়নকালে লেখাপড়ার খরচ জোগাতে পত্রিকা বিলি করা থেকে শুরু করে লনের ঘাস কাটা, ফ্যাক্টরিতে কাজ এবং গ্যাস স্টেশনে কাজসহ এ রকম অনেক কাজ করেছি।

এই পর্বে দেখা যায়, পিটার হাস চায়ে চুমুক দিতে দিতে এক প্রশ্নের জবাবে সেই ছেলেবেলার স্মৃতিচারণ করে বলেন, আমি উচ্চ বিদ্যালয় ও কলেজের লেখাপড়ার ব্যয়বহন এবং প্রতিদিনের পকেট খরচ জোগাতে আপাতভাবে অনেক অদ্ভুত ধরনের কাজ করেছি। খবরের কাগজ বিলি, লনের ঘাস কাটা ফ্যাক্টরিতে সবার সঙ্গে লাইনে দাঁড়িয়ে গাম্বল গোছানোসহ বিভিন্ন ধরনের কাজ করেছি। মাঝরাতে শিফটে আমি একটি গ্যাস স্টেশনে কাজ করতাম। গাড়ির মরিচারোধের কাজ করেছি। আমি সম্ভাব্য শিক্ষার্থীদের আমার বিশ্ববিদ্যালয় ট্যুরও দিয়েছি। আমার পড়ালেখা ঠিকভাবে চালিয়ে যেতে আমি এসব কাজ করেছি।

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, এসব কাজ করতে যেয়ে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে ওঠা-বসা স্বাধীনতা, দায়িত্বজ্ঞানসহ বহু কিছু শিখেছি। আর সে কারণেই এগুলো আমার শৈশবের অবিস্মরণীয় স্মৃতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত