ইসরায়েলের রাজধানী তেল আবিব ও ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে পৃথক দুটি হামলায় তিন বিদেশি পর্যটক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলে চরম উত্তেজনা বিরাজ করছে। গাজা, লেবানন ও ইসরায়েলের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর গত শুক্রবার পৃথক ওই দুই হামলার ঘটনা ঘটে। শুক্রবার সকালে পশ্চিম তীরে বন্দুক হামলায় ২০ ও ১৬ বছর বয়সী দুই বোন নিহত ও তাদের মা গুরুতর আহত হন। জর্ডান ভ্যালির ইহুদি বসতি হামরার কাছে গাড়িতে থাকা অবস্থায় হামলার শিকার হন তারা। ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট দপ্তর জানিয়েছে, নিহত ওই দুই বোন ব্রিটিশ নাগরিক। একই দিন স্থানীয় সময় সন্ধ্যার পর ইসরায়েলের তেল আবিবের একটি রাস্তায় গাড়ি হামলার এক ঘটনা ঘটে, এতে এক ইতালীয় পর্যটক নিহত ও আরও পাঁচজন আহত হন। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা হামলাকারীকে ইসরায়েলি শহর কাফর কাসেম থেকে আসা একজন ইসরায়েলি আরব বলে শনাক্ত করেছে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স ও পুলিশ সদস্যদের যৌথ সমাবেশের নির্দেশ দিয়েছেন। হামাস এসব হামলায় প্রশংসা করলেও দায় স্বীকার করেনি।
