টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে নারীরা বিক্ষোভ মিছিল করেছেন। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ‘ভূঞাপুর সচেতন নারী সমাজ’ এর উদ্যোগে মিছিল থেকে বড় মনিরকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গতকাল শনিবার রেখা চৌধুরী ও সূচি বেগমের নেতৃত্বে ভূঞাপুর পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ নেতা বড় মনিরের নামে নানা ধরনের স্লোগান দিয়ে তার শাস্তির দাবি জানানো হয়।
মিছিলকারীরা দাবি করেন, গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগ ওঠেছে। তাই তাকে দ্রুত গ্রেফতার করে শাস্তি দিতে হবে।
এর আগে গত বুধবার রাতে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন অন্তঃসত্ত্বা ওই কিশোরী। এ নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে ওই কিশোরী আদালতে দন্ডবিধির ২২ ধারায় জবানবন্দিও দেন।
