কিশোরগঞ্জের করিমগঞ্জে সিরাজুল ইসলাম (৪৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের কলাতুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ওই এলাকার আব্দুল মোতালিবের ছেলে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় জমিতে হালচাষ নিয়ে ট্রাক্টরমালিক জামানের সঙ্গে মুদি ব্যবসায়ী সিরাজুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় জামান ও তার লোকজন সিরাজুলের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা সিরাজুলকে কুপিয়ে আহত করে। সিরাজুলকে রক্ষা করতে গিয়ে তার স্ত্রীও আহত হন। সিরাজুলকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার ওসি মো. ছামছুল আলম সিদ্দিকী জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর শুক্রবার রাতেই আসামি মরিয়ম আক্তার, রবিনা আক্তার, আকলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
