রোমাঞ্চকর জয়ে টি২০ সিরিজ নিউজিল্যান্ডের

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১২:১২ এএম

সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওভারে রোমাঞ্চকর জয় পেয়েছে নিউজিল্যান্ড। ১৮৩ রানের লক্ষ্যে শেষ ওভারে কিউইদের দরকার ছিল ১০ রান। লাহিরু কুমারার প্রথম বলে ছক্কা হাঁকান চ্যাপমান। এরপর তিন বলে তিন উইকেট! তবে ব্যক্তিগত হ্যাটট্রিক হয়নি, হয়েছে দলগত হ্যাটট্রিক। ওয়াইড বলে দৌড়ে রান নিতে গিয়ে আউট হন নিশাম। শেষ তিন বলে দরকার তিন। বাই রান হওয়ার পর এক বল বাকি থাকতে ডাবল নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান রাচিন রবিন্দ্র। ৪ উইকেটের জয় পেল নিউজিল্যান্ড।

১৭ থেকে ১৯ ওভারে নিউজিল্যান্ড নিতে পারে মাত্র ১৯ রান। তাতেই শেষ ওভারে জমে ওঠে ম্যাচ। নিউজিল্যান্ডের হয়ে ওপেনার টিম শিফার্ট খেলেন ৪৮ বলে ৮৮ রানের ইনিংস। ১০ চার ও ৩ ছক্কা ছিল শিফার্টের ইনিংসে। এছাড়া অধিনায়কের দায়িত্ব পালন করা টম ল্যাথাম ২৩ বলে ৩১ করেন। লাহিরু কুমারা ৩৮ রানে নেন ৩ উইকেট।

তার আগে কুইন্সটাউনে শনিবার কুসাল মেন্ডিসের ৪৮ বলে ৭৩, কুশাল পেরেরার ২১ বলে ৩৩, পাথুম নিশাঙ্কার ২৫ বলে ২৫, ডি সিলভার ৯ বলে ২০ রানে ভর করে শ্রীলঙ্কা তুলেছিল ৬ উইকেটে ১৮২।

সুপার ওভারে প্রথম ম্যাচ হেরে সিরিজ শুরু করা কিউইরা পরের দুই ম্যাচ জিতে নিল দুর্দান্ত রান তাড়ায়। আইপিএলের কারণে সম্ভাব্য সেরা দলের ৮ জনকে ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতল তারা। ম্যাচ সেরা হয়েছেন টিম শিফার্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত