হাতিরঝিলে নৌকা থেকে পড়ে গিয়ে একজনের মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৬:৩১ এএম

রাজধানীর হাতিরঝিলে নৌকা থেকে পানিতে পড়ে ডুবে মারা গেছেন এবাদত হোসেন (৪৮) নামে এক ব্যক্তি। গত শুক্রবার রাতে হাতিরঝিলের মেরুল বাড্ডা অংশে প্যাডেল নৌকা থেকে পানিতে পড়ে যান তিনি।

এবাদত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরদারপাড়া গ্রামের মো. ইলিয়াস উদ্দিনের ছেলে। তিনি মিরপুর দক্ষিণ পীরেরবাগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন।

এবাদতের স্ত্রীর বড় ভাই মো. এতিয়ার হোসেন জাকির জানান, এবাদত একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত শুক্রবার কয়েকজন বন্ধু মিলে মেরুল বাড্ডা সোড রেস্টুরেন্টে ইফতারি করেন। পরে কয়েকজন হাতিরঝিলে প্যাডেল নৌকায় ওঠেন। হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে যান তিনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত