জর্দান নদীর পশ্চিম তীরের জেরুজালেমের আল কুদস শহরে অবস্থিত আল আকসা মসজিদে রাতের অন্ধকারে ইসরায়েলের সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, এই মসজিদ মুসলিমদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।
ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা গত শনিবার সংস্থাটির কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে এ মন্তব্য করেন। আল আকসা মসজিদে অব্যাহতভাবে ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলার ব্যাপারে করণীয় ঠিক করতে এ বৈঠকের আয়োজন করা হয়। তাহা বলেন, জেরুজালেমের আল কুদস হচ্ছে- অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অঙ্গ এবং ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী। আর এই শহরে অবস্থিত আল আকসা মসজিদও পুরোটা ফিলিস্তিনের অংশ এবং মুসলমানদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।
তিনি ওই মসজিদে রমজান মাসের ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলা ছিল ধর্মীয় স্থানগুলোর পবিত্রতা ও ইবাদতের স্বাধীনতার পাশাপাশি জেনেভা কনভেনশন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন।
গত মঙ্গলবার রাতে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের আল-আকসা মসজিদে নামাজ আদায়রত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর চড়াও হয়। তারা মুসল্লিদের বেধড়ক মারপিট করে এবং বহু ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়।
