জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের পক্ষে আইনজীবী থাকতে পারবেন কি না, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৩ এপ্রিল) আদেশ দেবে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেন।
গত ২৯ মার্চ তারেক ও জোবায়দার পক্ষে মামলার শুনানিতে অংশ নিতে আবেদন করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। এর ধারাবাহিকতায় গতকাল দুপুর ১২টার সময় এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের পক্ষে মাসুদ আহমেদ তালুকদার ন্যায়বিচার নিশ্চিতে শুনানিতে অংশ নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আবেদনের বিরোধিতা করেন। এ মামলায় গত ১৯ জানুয়ারি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ৬ ফেব্রুয়ারি আসামিদের হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত।
