গাইবান্ধায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৩:৩৯ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির দায়ে আবদুল মালেক (৩৭) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুনতাসির আহমেদ এ রায় দেন। এসময় আসামি আবদুল মালেক আদালতে উপস্থিতি ছিলেন।

সাজাপ্রাপ্ত আব্দুল মালেক গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ মার্চ রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার সুন্দরজাহান মোড় এলাকায় হেরোইন বিক্রির সময় আব্দুল মালেককে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় পরদিন (১৮ মার্চ) গাইবান্ধা সদর থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করেন রাষ্টপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফারুক আহমেদ প্রিন্স। তিনি বলেন, এ মামলায় দীর্ঘ শুনাশি শেষে আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। পরে বিচারক আসামি আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন। আদালতের এই রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। রায় শেষে পুলিশ তাকে কারাগারে নিয়ে গেছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে উচ্চ আদালতে আপিলের কথাও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত