বিতর্কিত কর্মকান্ডের কারণে ফরিদপুরে ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন জেলা ছাত্রলীগের সহসম্পাদক আশরাফুজ্জামান জোহা, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিল্লাল মৃধা ও সাংগঠনিক সম্পাদক সুদেব বিশ্বাস ওরফে শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং।
জানা যায়, গত ২৫ মার্চ বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সিং ফেসবুকে কোমরে পিস্তল গোঁজার ছবি আপলোড দিয়ে ভাইরাল হন। পুলিশ দুদিন পরেই তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।
এরপর গত ৮ এপ্রিল রাতে ইয়াবাসহ গ্রেপ্তার হন জেলা ছাত্রলীগের সহসম্পাদক আশরাফুজ্জামান জোহা। এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হলে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়। অন্যদিকে গত ৯ এপ্রিল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিল্লাল মৃধা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেশীয় অস্ত্রের একটি টিকটক ভিডিও পোস্ট করে সমালোচিত হন।
সোমবার তিন ছাত্রলীগ নেতার সাময়িক বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ বলেন, আশরাফুজ্জামান জোহাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল ওহাব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
