চাঁদা না পেয়ে ইউপি সদস্যের দাঁত ভাঙল সন্ত্রাসীরা

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৬:২৮ এএম

ঈদ-খরচের নামে মাটির ট্রাক থেকে চাঁদা দাবি করে একদল সন্ত্রাসী। তাদের দাবি করা সেই চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সাভারের ভাকুর্তা ইউনিয়নের এক ইউপি সদস্যকে মেরে দাঁত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। গত রবিবার সন্ধ্যায় ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি। বর্তমানে ওই ইউপি সদস্য আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী জানান, ভুক্তভোগী ইউপি সদস্য জাকির হোসেনের ভাই কবির হোসেন একজন মাটি ব্যবসায়ী। তিনি ভাকুর্তার চাপড়া এলাকার একটি ইটভাটায় মাটি সরবরাহ করেন। রবিবার বিকেলে কবির হোসেনের মাটিবোঝাই ট্রাক ইটভাটার দিকে যাচ্ছিল। মাটিবোঝাই ট্রাকটি যাদুরচর এলাকায় পৌঁছালে স্থানীয় আরিফ ও তার এক সহযোগী ট্রাকটি আটক করে ঈদ-খরচের নামে চাঁদা দাবি করে।

খবর পেয়ে ইউপি সদস্যদের ভাই কবির হোসেন তার লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে চাঁদা দাবিকারী আরিফসহ তার সহযোগীকে মারধর করেন। এ ঘটনায় আরিফ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ভাকুর্তার মোগড়াকান্দা এলাকায় যায়। এ সময় কবির হোসেনের ভাই ইউপি সদস্য জাকির হোসেনকে একা পেয়ে তার ওপর হামলা চালিয়ে মারধর সন্ত্রাসীরা। ধারালো অস্ত্রের আঘাতে জাকির মেম্বারের মাথায়, মুখে ও হাতে গভীর ক্ষত হয় এবং তার দাঁত ভেঙে দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্থানীয়রা।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার জান্নাতুল বাকী বলেন, ওই ইউপি সদস্যের মাথায়, মুখে ও হাতে কমপক্ষে ১৮-২০টি সেলাই দেওয়া হয়েছে। তার একটি দাঁতও পড়ে গেছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

এ ব্যাপারে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আসওয়াদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে সাভারের গেন্ডা এলাকায় দাবি করা চাঁদা না পেয়ে এক লেগুনাচালককে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী লেগুন চালক। আহত লেগুনাচালক শেখ ফরিদকে (২৯) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্তরা হলো শহিদুল ইসলাম (৩০), আজিজুল (২৪) ও মিন্টু গাজী (৪৫)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত