সড়কে চলাচলকারী মাথায় হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল ও ইফতার বক্স উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বগুড়া পুলিশ বিভাগ। অপরদিকে হেলমেট না পড়ে মোটরসাইকেল চালানোর অপরাধে মামলা দেওয়া হয় বেশ কিছু চালককে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত শহরের সাত মাথা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার। ফুল ও ইফতার বক্স উপহার বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মোটরসাইকেল চালক ও পথচারীরা।
কলেজ ছাত্র আবুল কালাম আজাদ বলেন, নিজের নিরাপত্তা ও আকস্মিক দুর্ঘটনা থেকে বাঁচতে হেলমেট পড়ে মোটর সাইকেল চালাই। পুলিশের পক্ষ থেকে উপহার পাওয়া ব্যতিক্রম ও আনন্দের।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার বলেন, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনায় বড় ধরনের ঝুঁকির হাত থেকে রক্ষা এবং সচেতনতা বাড়াতেই এই ব্যতিক্রমী অভিযান।
