পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কলেজ ছাত্র আরিফুল ইসলাম হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ছাত্র-ছাত্রীরা পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।
এর আগে গত ৪ এপ্রিল আরিফুল বাড়ি থেকে তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন। তিনদিন পর ৭ এপ্রিল তার লাশ উপজেলার বুড়াবুড়ি গ্রামের পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক সুরতহালে আরিফুলের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে।
এই ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কেউ গ্রেপ্তার হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে আরিফুল হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার পরিবার, সহপাঠী এবং কলেজের ছাত্র ছাত্রীরা মানবন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহ ভাজনদের নাম পুলিশকে বলা হয়েছে। সন্দেহভাজনরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ।
তার বড় ভাই আমিনুর ইসলাম জানান,এক মাস আগে বুড়াবুড়ি এলাকার রাকিবুল ইসলাম হার্ভাড নামে এক যুবক আরিফুরকে গুম করে দেওয়ার হুমকি দেয়। তাদের পরিবারের সন্দেহ বুড়াবুড়ি এলাকার রেজাউল হক , রাকিবুল ইসলাম ওরফে হার্ভাড, রুবেল, ইছাহাক এই হত্যাকাণ্ডে জড়িত।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাইদ জানান, লাশ উদ্ধারের পর পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। আরিফুলের পরিবার সন্দেহভাজনদের তালিকা পুলিশকে জানিয়েছে তবে আমরা ঘটনার সাথে জড়িত মূল আসামিদের ধরতে কাজ করছি। প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আশা করি দ্রুততম সময়ে এই ঘটনার রহস্য উদঘাটন হবে।
