গাইবান্ধার সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামি আব্দুল হামিদকে (৬২) গ্রেপ্তার করেছে র্যাব । এ পযর্ন্ত এ মামলায় ছয় আসামিকে গ্রেপ্তার করা হলো।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে র্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীচা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হামিদকে গ্রেপ্তার করে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর থেকে আব্দুল হামিদ আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন তিনি। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামের সোহেল রানার (২১) সাথে যাতায়াতের রাস্তা নিয়ে শ্রীপুর গ্রামের দুলা মিয়ার সংঘর্ষ বাঁধে। এতে সোহেল রানাসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সোহেল রানার স্ত্রী সুমি বেগম বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখ করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
