চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০২:৩১ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলম আলী নামে এক ইউপি সদস্য বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের স্ত্রীর দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

শিবগঞ্জে নিহত বিএনপি নেতা আলম আলী ওরফে ঝাপড়া নয়ালাভাঙ্গা সুন্দরপুরের আবুল হোসেন ঝাপড়ার ছেলে। তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকুমল চন্দ্র দেবনাথ জানান, দুপুর দেড়টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার পথে নবাব মোড়ে একদল দুর্বৃত্ত আলমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলমের স্ত্রী জুলেখা বেগম অভিযোগ করেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি জেলা পরিষদ সদস্য আবদুস সালামের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’ তবে আবদুস সালাম এ অভিযোগ অস্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত