নথি ফাঁস : আদালতে তোলা হচ্ছে মার্কিন বিমানকর্মীকে

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৫:২৯ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য জাতীয় নিরাপত্তা বিষয়ক সামরিক নথি ফাঁসের ঘটনায় গ্রেপ্তার মার্কিন বিমানকর্মী জ্যাক টেইক্সেইরাকে (২১) শুক্রবার (১৪ এপ্রিল) বোস্টন আদালতে হাজির করা হবে। এর আগে বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের ডাইটনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জ্যাক টেইক্সেইরাকে হাফপ্যান্ট এবং একটি টি-শার্ট পরা অবস্থায় নিয়ে যায় বেশ কয়েকজন এফবিআই এজেন্ট। তাকে একটি অনলাইন চ্যাট গ্রুপের নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে নথিগুলো প্রথম প্রকাশিত হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, গোপনীয় জাতীয় প্রতিরক্ষা তথ্য সরানো, ধারণ ও স্থানান্তরের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় জ্যাক টেইক্সেইরাকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্যাক টেইক্সেইরা ওয়েস্টার্ন ক্যাপ কডের ওটিস এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটির একজন এয়ারম্যান। ২০১৯ সাল থেকে তিনি এয়ার ন্যাশনাল গার্ডে রয়েছেন। তার পদ সাইবার ট্রান্সপোর্ট সিস্টেমস জার্নিম্যান।

প্রসঙ্গত, পেন্টাগনের ফাঁস হওয়া গোপন নথি প্রকাশের পর উঠেপড়ে লেগেছে জো বাইডেন প্রশাসন। ফাঁস হওয়া বিভিন্ন নথিতে ইউক্রেন যুদ্ধ, শীর্ষ কয়েকটি মিত্র যেমন ইসরায়েল ও দক্ষিণ কোরিয়া সম্পর্কিত বেশ কিছু বিষয় সম্পর্কে মার্কিন সামরিক বাহিনীর মূল্যায়ন উঠে এসেছে। এমনকি যুক্তরাষ্ট্র যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ওপর নজরদারি করছিল, সর্বশেষ ফাঁস হওয়া নথিতে তাও উঠে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত